রাজনীতি

ধানক্ষেতে লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে রক্ষা পাননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। গভীর রাতে অভিযান চালিয়ে মজনু সরকার নামে ওই নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ উদ্দেশ্যে স্থানীয় ইউপি সদস্য সেলিম ও জোবায়েরের বাড়িতে পৃথক দুটি বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। এতে অন্তত অর্ধশত নেতাকর্মীর অংশ নেওয়ার কথা ছিল বলে পুলিশ জানতে পেরেছে।

গোপন বৈঠকের এমন তথ্য পাওয়ার পর গোবিন্দগঞ্জ ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে ডিবির একাধিক দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা ধানক্ষেতে গিয়ে আত্মগোপন করেন। পরে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মজনু সরকারকে সেখান থেকে আটক করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি ২০২৫ সালের ২২ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। শুক্রবার (৩০ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার মজনু সরকারের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২০০৯ সালের একটি চুরির মামলাও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button