ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের ভিডিও ভাইরাল, চাকরি হারালেন শিক্ষক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এর আগে, গত ১৯ অক্টোবর এ ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর গত ২৯ অক্টোবর প্রতিবেদন জমা দেয় কমিটি। পরে তাকে চূড়ান্তভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার সকালে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে দুপুরে বিদ্যালয়ের ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের দাবি, ওই স্কুলটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের ঘটনায় প্রতিষ্ঠানটির সুনাম ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন বলেন, নজরুল ইসলাম বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি বিদ্যালয় প্রাঙ্গণে নয়, বরং ওই শিক্ষকের নিজস্ব পরিচালিত কোচিং সেন্টারে ঘটেছে। তারপরও একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠায় তাকে শাস্তিমূলকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।



