জামালপুরে যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জামালপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও যুব কল্যাণ তহবিলের অনুদানের চেক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে বেলটিয়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সরকারি চাকরির সুযোগের তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। তাই শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের নিজেদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। তরুণদের নিজেদের স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোহাম্মদ রুকন উদ্দিন ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব।
আলোচনা সভা শেষে ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ নেওয়া ১০০ জনের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন যুবক-যুবনারীকে আত্মকর্মসংস্থানের জন্য দেড় লাখ টাকা করে যুব ঋণের চেক দেওয়া হয়।
যুব কল্যাণ তহবিল থেকে মৎস্য চাষ, সেলাই ও হস্তশিল্প, হাঁস-মুরগি পালন এবং আইসিটি দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সাতটি যুব সংগঠনকে ৭৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অনুদানের চেক দেওয়া হয়।



