১ কোটি ৮৯ লাখ পরিবারকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে রাজ্য সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত যোগ্য পরিবারগুলোকে দীপাবলি ও হোলি উপলক্ষে বিনামূল্যে একটি করে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাঁর এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজ্যের ১ কোটি ৮৯ লাখের বেশি উপকারভোগীর মধ্যে রান্নার গ্যাসের রিফিল ভর্তুকি বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। এ কর্মসূচি বাস্তবায়নে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ হাজার ৫০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।
অনুষ্ঠানে যোগী আদিত্যনাথ জানান, বর্তমানে একটি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ৯৮৩ দশমিক ৪৫ রুপি। কেন্দ্রীয় সরকারের ৩৩৫ রুপি ভর্তুকি বাদ দেওয়ার পর গ্রাহকদের পরিশোধ করতে হয় ৬৪৮ দশমিক ৫৫ রুপি।
তিনি বলেন, উৎসবের সময় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ায় দরিদ্র পরিবারগুলোর অর্থ সাশ্রয় হবে। সেই অর্থ দিয়ে তাঁরা মিষ্টি ও প্রদীপসহ উৎসবের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন।
আগের কংগ্রেস সরকারের সঙ্গে বর্তমান সরকারের তুলনা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, অতীতে গ্যাস সংযোগ পেতে সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হতো। তবে বর্তমান সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য বিনামূল্যে গ্যাস সংযোগের ব্যবস্থা করেছে।
এদিকে আগামী ৭ নভেম্বর অযোধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া দীপোৎসবকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন যোগী আদিত্যনাথ। উৎসবের প্রস্তুতি পর্যালোচনায় তাঁর অযোধ্যা সফরের কথা রয়েছে।
মুখ্যমন্ত্রীর মতে, ধর্মীয় আচার ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একই বন্ধনে আবদ্ধ করার বার্তা দেয় দীপোৎসব।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জাতপাতের বিভাজনকে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি, ২০১৭ সালে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া দীপোৎসব এখন অযোধ্যার ঐতিহ্য ও সংস্কৃতিকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের উৎসবে পরিণত হয়েছে।
যোগী আদিত্যনাথ বলেন, প্রত্যেকে নিজের হাতে প্রদীপ জ্বালালেও সেই আলোর মাধ্যমে পুরো সমাজ ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পায়। তাঁর ভাষ্য অনুযায়ী, জাতপাতের বিভাজন মানুষকে আলাদা করে, আর অভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি সবাইকে এক সুতোয় বাঁধে।
সূত্র: হিন্দুস্তান টাইমস



