আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ, দিলেন ট্রাম্পকে খোঁচা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করে দেশটির প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর নির্বাচনী পূর্বাভাসেও এল-সায়েদের জয় নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

পেশায় চিকিৎসক এবং জনস্বাস্থ্য খাতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এল-সায়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে জয়ী হয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন। অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

নির্বাচনী প্রচারের সময় এল-সায়েদের মুসলিম পরিচয় আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান দলের একাধিক নেতা তাঁর ধর্মীয় পরিচয় নিয়ে সমালোচনা করেন। তবে উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন এই ডেমোক্র্যাট নেতা।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পকে জয় এনে দেওয়া অঙ্গরাজ্য মিশিগান থেকেই সিনেটর নির্বাচিত হলেন এল-সায়েদ। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে দায়িত্ব পালনের ইতিহাস গড়বেন তিনি।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার ভোরে সমর্থকদের সামনে বক্তব্য দেন আবদুল এল-সায়েদ। বিজয় উদ্‌যাপনের ওই অনুষ্ঠানে তিনি ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নিয়েও কটাক্ষ করেন।

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিশিগানের জনগণ তাঁর প্রতি যে উদারতা, মুক্তচিন্তা, সাহস ও আন্তরিকতা দেখিয়েছেন, সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি একই মূল্যবোধ ধারণ করে তাঁদের সেবা করতে চান।

নিজের প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে উদ্দেশ করে এল-সায়েদ বলেন, ‘তাদের জানিয়ে দিও, খারাপ লোকেরা হেরেছে। আমরা সবাই মিলে আরও বড় কিছুর জন্য লড়াই করে জিতেছি। আমরা জিতেছি! মাইক, এবার অবসর উপভোগ করো।’

বিজয়ী বক্তব্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও রসিকতার ছলে খোঁচা দেন তিনি। আগামী জানুয়ারিতে নতুন সিনেটরদের শপথ পড়ানোর সাংবিধানিক দায়িত্ব ভ্যান্সের ওপর থাকার বিষয়টি উল্লেখ করে এল-সায়েদ বলেন, ‘এটা বেশ মজার বিষয় যে সংবিধান অনুযায়ী জানুয়ারিতে আপনাকেই আমাকে শপথ পড়াতে হবে।’

এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করেও মন্তব্য করেন তিনি। এল-সায়েদ বলেন, ‘ডোনাল্ড, আমি জানি, আমার নাম উচ্চারণ করতে তোমার বেশ কষ্ট হয়েছে। তাই জানুয়ারিতে জেডি আমাকে শপথ পড়ানোর পর তুমি আমাকে শুধু সিনেটর বলেই ডাকতে পারো।’

নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে শুধু নিজের রাজনৈতিক ক্যারিয়ারেই নতুন মাইলফলক স্থাপন করেননি এল-সায়েদ, বরং যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাসেও প্রথম মুসলিম সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button