আন্তর্জাতিকঅন্যান্য

ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নন, বরং এবারের পার্লামেন্ট নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। আইজেনকোট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা।

দায়িত্ব পাওয়ার পর আইজেনকোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময়। আমরা যেন এই দায়িত্বের যোগ্য হয়ে উঠতে পারি, সে জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো।’

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর কে নতুন সরকার গঠনের সুযোগ পাবেন, তা নির্ধারণ করতে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন হারজগ। নেতানিয়াহুও জোট সরকার গঠনের তৎপরতা চালিয়ে যান।

সরকার গড়তে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে আছেন ৬৭ জন। অন্যদিকে নেতানিয়াহুর জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। আরব নেতৃত্বাধীন দলগুলো আইজেনকটের পক্ষে আছে।

এখন নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হবে। এ সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় বা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা ও দর–কষাকষি করবে। (প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থী) আইজেনকোট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার চেষ্টা করবেন।

আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকোটকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রবিবার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব তার হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button