পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

বাংলা টিভি ডেস্ক: ঢাকার আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি ও হেনস্তার অভিযোগের ঘটনার পর টিটেনাসের টিকা নিয়েছেন সাংবাদিক মো. সিয়াম হোসেন। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রোববার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন তিনি। এ সময় তাকে টিটেনাস ভ্যাকসিনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
সিয়াম হোসেন ‘আগামীর সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার। গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমনির জামিনসংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রীর বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ ওঠে।
সিয়াম জানান, ঘটনার দিন থেকেই তিনি কিছুটা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার মা বিষয়টি জানতে পারেন এবং বারবার হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে মায়ের কথামতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি।
ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা টক’কে সিয়াম বলেন, ঘটনার দিন থেকেই তার মা নিয়মিত ফোন করে খোঁজ নিচ্ছিলেন। হাসপাতালে যাওয়ার জন্যও বারবার তাগাদা দেন। সেখানে চিকিৎসকরা তাকে টিটেনাসের টিকা ও কয়েক ধরনের ওষুধ দিয়েছেন।
এদিকে রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে টিকা নেওয়ার বিষয়টি জানিয়ে সিয়াম লেখেন, ‘আম্মুর জন্য আমার ভ্যাকসিন নিতেই হলো।’
ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। সেদিন আদালত থেকে বের হওয়ার সময় পরীমনি ও উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সাংবাদিকদের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিড়ের মধ্যে এক সাংবাদিকের শার্টের কলার ধরে তার গলা ও ঘাড়ে খামচি দেন পরীমনি। এ সময় অভিনেত্রীর ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
অন্যদিকে, ভিড়ের মধ্যে এক সাংবাদিক তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন বলে অভিযোগ তোলেন পরীমনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগও করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার প্রতিবাদে এবং পরীমনিকে বয়কটের দাবিতে চট্টগ্রামে কর্মসূচি পালন করেন একদল সাংবাদিক। এ সময় তারা অভিনেত্রীর ছবিতে জুতা নিক্ষেপ করেন।
এ ছাড়া ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও সামনে আসে। ঘটনার দিন আহত কয়েকজন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন বলেও জানা গেছে।



