
বাংলা টিভি অনলাইন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাচ্ছেন। চার দিনের সফরে আজই রিয়াদের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে সৌদির উদ্দেশে রওয়ানা দেবে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে।
এই সফরে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। একটি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং আইসিটি খাতে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক। এছাড়া মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও রোহিঙ্গা জনগোষ্ঠী বিষয়গুলো ছাড়াও শ্রমিক কল্যাণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, উন্নয়ন সহযোগিতা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও সমৃদ্ধি প্রভৃতি বিষয়ে আলোচনা হবে।
বাংলাটিভি/এসএম/এবি



