ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়িয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব জহিরুল ইসলাম জহির।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পদত্যাগের বিষয়টি জানিয়ে একটি পোস্ট দেন তিনি। ব্যক্তিগত কারণের পাশাপাশি আরও কিছু বিষয়কে পদত্যাগের পেছনে দায়ী করেছেন জহির। তবে সেসব কারণ বিস্তারিতভাবে প্রকাশ করেননি তিনি।
ফেসবুক পোস্টে জহির লেখেন, দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। দলের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সংগঠনটির ভবিষ্যৎ সাফল্যও কামনা করেন তিনি।
পদত্যাগের বিষয়ে জহিরুল ইসলাম বলেন, তিনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এ ছাড়া আরও কিছু বিষয় থাকলেও সেগুলো আপাতত প্রকাশ করতে চান না।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে ২০২৬ সালের ২১ জানুয়ারি জহিরুল ইসলামকে এনসিপির রামগঞ্জ পৌর শাখার সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাছুম বিল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
অন্যদিকে, রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, ফেসবুকে জহিরের পদত্যাগের ঘোষণা তিনি দেখেছেন। তবে কী কারণে তিনি দল ছেড়েছেন, সে বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।



