বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ওই নারী পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুই তরুণ।
ওই নারী কনস্টেবল জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন।
নারী পুলিশ সদস্যের স্বামী জানান, থানায় ডিউটি শেষ করে প্রায়ই তার স্ত্রী হেঁটে একা বাসায় ফেরেন। গতকাল রাত আটটার দিকে থানা থেকে তার স্ত্রী বাসায় ফিরছিলেন। তখন তিনি পুলিশের ইউনিফর্মে ছিলেন না। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছাতেই পেছন দিক থেকে এক তরুণ তার (স্ত্রী) মুখ চেপে ধরেন। এরপর জোর করে সড়কের পাশে ফাঁকা জায়গায় নেয়ার চেষ্টা করেন। তখন পাশে একটি মোটরসাইকেলে আরেক তরুণ বসা ছিলেন। তার স্ত্রী চিৎকার শুরু করলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত রেলস্টেশনের দিকে চলে যান।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার স্ত্রীর কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেবেন তারা।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি অন্ধকার ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। ওই নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজন পিছু নেন। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।



