বাবার অসুস্থতার খবর শুনে ছেলের মৃত্যু, কয়েক ঘণ্টা পর মারা গেলেন বাবাও

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ায় একই পরিবারের বাবা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বাবার অসুস্থতার খবর শুনে কর্মস্থলেই অসুস্থ হয়ে মারা যান ছেলে মাহফুজুর রহমান (২৭)। পরে ছেলের লাশ বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন বাবা আবদুল মান্নান (৫৯)। ওই রাতেই তারও মৃত্যু হয়। বুধবার সকালে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে বাবা ও ছেলেকে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ছাপাখানায় কাজ করার সময় মাহফুজুরের মৃত্যু হয়। একই দিন রাত ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান তার বাবা আবদুল মান্নান। তাদের বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি বিছানায় শয্যাশায়ী। চার ছেলে-মেয়ের মধ্যে বড় মাহফুজুরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় কাজ করতেন তিনি। প্রায় আট মাস আগে বিয়ে করা মাহফুজুর বাবার সঙ্গেই একই বাড়িতে থাকতেন। বাবার অসুস্থতা নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতেন তিনি।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে কর্মস্থলে থাকা অবস্থায় বাড়ি থেকে ফোন আসে মাহফুজুরের কাছে। জানানো হয়, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফোনে এ খবর পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম বলেন, বিকেলে অফিসের চেয়ারে বসে কাজ করছিলেন মাহফুজুর। বাবার অসুস্থতার খবর পাওয়ার পর হঠাৎ চেয়ারের একদিকে হেলে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমানের ধারণা, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়ে থাকতে পারে।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মাহফুজুরের লাশ বাড়িতে নেওয়া হয়। ছেলের লাশ বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে অসুস্থ বাবা আবদুল মান্নানের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানায় থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, ছেলের মৃত্যুর খবর জানার পর আবদুল মান্নান আরও অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে তিনি মারা যান।
বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। ৫ নম্বর চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, মাহফুজুর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্তানে পাশাপাশি কবরে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।



