গ্রাম বাংলাদেশবাংলা

পুশইন চেষ্টা ব্যর্থ, ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে নারী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে টানা ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছেন এক নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে তিনি সেখানে আটকে রয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সারা দিন ও রাত পেরিয়ে বুধবারও (১১ নভেম্বর) প্রখর রোদের মধ্যে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-সংলগ্ন এলাকা দিয়ে ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারী দুই দেশের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ড বা শূন্যরেখায় অবস্থান নেন।

এরপর মঙ্গলবার সারা দিন ও রাতভর সেখানেই কাটান তিনি। বুধবার (১১ নভেম্বর) সকালেও তাকে একই স্থানে অবস্থান করতে দেখা যায়। এ সময় বাংলাদেশ ও ভারতে প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে কোনো দেশেই প্রবেশ করতে পারেননি তিনি।

টানা ৩০ ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করায় তীব্র রোদ ও প্রতিকূল পরিবেশে মানবিক সংকটে পড়েছেন ওই নারী। বিষয়টি দ্রুত সমাধানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক আয়োজনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্ত দিয়ে পুশইন ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button