ধর্ম

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলা টিভি ডেস্ক: ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার পবিত্র রমজান শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো হিসাব করে এ তথ্য জানিয়েছে। তবে চূড়ান্ত তারিখ পুরোপুরি চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাবে চলে। তাই প্রতিবছর রমজান ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালের রমজান আগের বছরের চেয়ে প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেই রাতেই প্রথম তারাবি হবে। পরদিন থেকে শুরু হবে রোজা। চাঁদ না দেখা গেলে তারিখ বদলে যাবে।

রমজান মাস হয় ২৯ বা ৩০ দিনের। শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতর নির্ভর করে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। মুসলমানদের কাছে এ মাস অত্যন্ত পবিত্র। কারণ এই মাসেই মহানবী (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থাকেন। তারা নামাজ, তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের ওপর বিশেষ জোর দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button