বিনোদনঅন্যান্য

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন: রোজিনা

বাংলা টিভি ডেস্ক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন এই অভিনেতা। সম্প্রতি সেখানে তার সঙ্গে দেখা করে শারীরিক অবস্থার নতুন খবর জানিয়েছেন চিত্রনায়িকা রোজিনা।

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করার পর তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন রোজিনা। সেখানে তিনি জানান, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন ইলিয়াস কাঞ্চন। সাক্ষাতের সময় তারা একসঙ্গে বসে খাওয়া-দাওয়াও করেছেন।

ফেসবুক পোস্টে রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

অভিনেতার সুস্থতার অগ্রগতি জানিয়ে তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগির দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর লন্ডনে ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা শুরু হয়। সেখানে তার অস্ত্রোপচারও করা হয়েছে। পরবর্তী সময়ে চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা নিতে হয়েছে তাকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় ও স্বাভাবিক কর্মজীবন থেকে দূরে রয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button