‘মোহাব্বাত’-এ শাকিবের নায়িকা কি কিয়ারা আদভানি?

বিনোদন ডেস্ক: হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। এবার সিনেমাটির প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তাঁর পোস্টের সূত্র ধরে গুঞ্জন ছড়িয়েছে, বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে দেখা যেতে পারে শাকিব খানের বিপরীতে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিয়ারা আদভানির একটি ছবি প্রকাশ করেন প্রযোজক আরশাদ আদনান। ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে শুধু একটি শব্দ লিখেছেন—‘নেক্সট’। প্রযোজকের এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকের ধারণা, ‘মোহাব্বাত’ সিনেমার সম্ভাব্য নায়িকা হতে পারেন বলিউডের ‘কবির সিং’খ্যাত এই অভিনেত্রী।
জানা গেছে, আরশাদ আদনানের শেয়ার করা ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের। ছবিতে কিয়ারাকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক এবং রঙিন স্ট্রাইপের টপে দেখা গেছে।
এর আগে আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফের যৌথ উদ্যোগে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমাতেও বিদেশি অভিনেত্রীদের নায়িকা হিসেবে দেখা গেছে। ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
এবারও শাকিবের বিপরীতে দেশের বাইরের কোনো জনপ্রিয় অভিনেত্রীকে নেওয়া হতে পারে—এমন আভাস আগে থেকেই পাওয়া যাচ্ছিল। এ নিয়ে ভারত ও পাকিস্তানের কয়েকজন অভিনেত্রীর নামও আলোচনায় আসে।
তবে প্রযোজকের সাম্প্রতিক পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরেই আলোচনা বেশি জোরালো হয়েছে। যদিও এখন পর্যন্ত ‘মোহাব্বাত’ সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হিসেবে কিয়ারাকে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য।



