বাংলাদেশ

এইচএসসি: পুনঃনিরীক্ষণে ৩৩৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, আবেদনকারীদের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। এতে মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশের ফলাফলে পরিবর্তন আসে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ফল পরিবর্তনের সংখ্যায় শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের মোট ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়। আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনরায় যাচাই শেষে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এ ক্ষেত্রে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তিত হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। অন্যদিকে সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ১ হাজার ৩৫৩ জন এবং দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তিত হয়েছে। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

ফল পরিবর্তনের শতকরা হার বিবেচনায় ময়মনসিংহ বোর্ডের পর দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ। ২২ দশমিক ১৩ শতাংশ হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম ফল পরিবর্তনের হার রাজশাহী বোর্ডে, যেখানে মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button