বাংলাদেশ

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন

বাংলা টিভি ডেস্ক: স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী করা হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের আলোচনা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। বৈঠকে দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আলোচনার মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টিও উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও আশ্বস্ত করেন, স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি বিষয় শতভাগ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বিদ্যমান রাজনৈতিক ঐক্যকে আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন দলটির প্রতিনিধিরা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button