বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’

বাংলা টিভি ডেস্ক: প্রেমিকাকে উদ্দেশ করে লেখা একটি চিরকুট ঘিরে মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চিরকুটটি কোনো ফুল বা উপহারের সঙ্গে নয়, কালো টেপে মোড়ানো একটি জর্দার কৌটার গায়ে লেখা ছিল। বস্তুটি দেখতে বোমার মতো হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার নবীনপুর গ্রামের একটি খেলার মাঠসংলগ্ন নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, কালো টেপে মোড়ানো বস্তুটি পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বস্তুটির গায়ে একটি চিরকুটও চোখে পড়ে। সেখানে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে বস্তুটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে কোনো ধরনের বিস্ফোরক নেই।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো যুবক হয়তো তার প্রেমিকাকে উদ্দেশ করে এমন চিরকুট লিখে থাকতে পারেন। মানুষের দৃষ্টি আকর্ষণ কিংবা আলোচনার জন্ম দিতেই জর্দার কৌটাটি বোমাসদৃশ করে সেখানে বার্তাটি লেখা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
পুলিশ জানায়, ভয় দেখানো বা অন্য কোনো উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটটির পেছনের ঘটনা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন বলেন, প্রেমের সম্পর্কে অনেক সময় প্রেমিক-প্রেমিকারা তৃতীয় পক্ষের উপস্থিতি পছন্দ করেন না। এমন কোনো পরিস্থিতি থেকেই কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা যায়।



