থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচিত অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহে এসআরবি-১৪ কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ওই ঘটনার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে বিভিন্ন পোস্ট দেওয়া হয়। এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মীও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন আবুল হাসান। পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি।



