বাংলাদেশ

গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন

বাংলা টিভি ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এমন মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডে গোপালগঞ্জে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এতে রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কপথে যানবাহন চলাচলেও আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলার গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, জেলার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ফলে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করাও তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বলেন, থানা পুড়িয়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন করে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা যাচ্ছে না। এতে পুলিশের কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি নেমে এসেছে।

পোস্টের শেষাংশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর মতে, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিলে জেলার অচলাবস্থা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button