ডাল কাটতে উঠে গাছেই অজ্ঞান যুবক, অতঃপর…

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরই জ্ঞান হারিয়ে ফেলেন রাসেল মিয়া (৩০) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার অভিযান চালিয়ে তাকে জীবিত অবস্থায় গাছ থেকে নামিয়ে আনেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রাসেল মিয়া ওই গ্রামের মৃত মাফিজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়িউড়া-কালিকচ্ছ সড়কের পাশে একটি গাছের ডাল কাটতে গাছে ওঠেন রাসেল। কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এতে অচেতন অবস্থায় গাছের ডালের সঙ্গে আটকে পড়েন ওই যুবক।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধারের চেষ্টা করলেও গাছের উচ্চতা এবং তার অচেতন অবস্থার কারণে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়নি। পরে বিষয়টি সরাইল ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অচেতন রাসেলকে নিরাপদে গাছ থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন কর্মীরা।
সরাইল ফায়ার স্টেশনের সাব-অফিসার ইদ্রিস আলী শেখ জানান, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে গাছ থেকে নামিয়ে আনা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে ঠিক কী কারণে গাছের ওপর রাসেল মিয়া অচেতন হয়ে পড়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



