বাংলাদেশ

বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে পোশাকশ্রমিক চম্পা বেগম (৪০) হত্যার ঘটনায় জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যা মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পিবিআইয়ের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ এবং ব্যক্তিগত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির জেলার পুলিশ সুপার জয়িতা শিল্পী।

গ্রেপ্তার জসিম উদ্দিন ঘিওর উপজেলার বীরসিংজুরী এলাকার বাসিন্দা। অন্যদিকে নিহত চম্পা বেগম একই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

পিবিআই সূত্রে জানা যায়, চম্পা বেগম সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকার তারাসিমা গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর ভোর ৫টার দিকে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বন্ধ পাওয়া যায় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও।

পরদিন ২৪ নভেম্বর সকাল ৬টার দিকে বাড়ির কাছেই একটি কাঠের ঘরের পেছনে আতাগাছের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ২৫ নভেম্বর ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করা হলে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই মানিকগঞ্জ। তদন্তের শুরুতেই ঘটনাস্থল পরিদর্শন, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

পিবিআই জানায়, মামলা হওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে ঘিওরের বীরসিংজুরী বাজার এলাকায় নির্মাণাধীন একটি সেতুর পাশ থেকে আত্মগোপনে থাকা সন্দেহভাজন জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, নিহত চম্পা বেগমের সঙ্গে জসিমের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারা নিয়মিত ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতেন। একপর্যায়ে চম্পা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। তবে জসিম আগে থেকেই বিবাহিত এবং সন্তানের বাবা হওয়ায় বিয়েতে সম্মতি দেননি। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

পিবিআইয়ের দাবি, ঘটনার দিনও বিয়ের বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জসিম ওড়না পেঁচিয়ে চম্পা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে দ্রুত সন্দেহভাজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে হত্যাকাণ্ডের পেছনের সব বিষয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button