
বিনোদন ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নিজের বাসায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তার। কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটির সঙ্গে প্রকাশিত কয়েকটি ছবিতে বন্ধু ও হবু বরের সঙ্গে দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলোতে সবার মধ্যে উৎসবের আমেজ ও আনন্দের ছাপ ফুটে উঠেছে। তবে বিয়ে নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিমি।
সংবাদ প্রতিদিনের তথ্য অনুযায়ী, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার তাদের বাগদানও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং টালিউডে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। অতিথিদের তালিকায় অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও রয়েছে বলে জানা গেছে।
আইনি বিয়ের পর আগামী ৫ ডিসেম্বর ভারতের পাহাড়ি শহর কালিম্পংয়ে তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করা হবে। সেখান থেকে ফিরে ১১ ডিসেম্বর কলকাতায় বসবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে টালিউডের সহকর্মী, বন্ধু ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।
মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছিল। তবে প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছেন অভিনেত্রী। সম্প্রতি তার বিয়ের আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এবার আইনি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পথচলা শুরু করেন মিমি চক্রবর্তী। ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেন। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।
এরপর ‘প্রলয়’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা’, ‘শুধু তোমারই জন্য’, ‘কেলোর কীর্তি’, ‘ড্রাকুলা স্যার’, ‘বাজি’, ‘মিনি’ ও ‘রক্তবীজ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন মিমি। পাশাপাশি বাংলাদেশের শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমাতেও দেখা গেছে তাকে।



