ফুটবলখেলাধুলা

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বে অসংখ্য রেকর্ড ও সাফল্যের মাধ্যমে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে মাঠের বাইরের জীবন, বিশেষ করে শৈশব ও স্কুলজীবন নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মেসির পুরোনো একটি স্কুলের নম্বরপত্র নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিও শহরের জেনারেল লাস হেরাস স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন মেসি। সম্প্রতি তার সেই সময়কার একটি নম্বরপত্রের ছবি প্রকাশ্যে এসেছে। যদিও এটি কোন পরীক্ষার ফলাফল এবং কীভাবে ছবিটি সামনে এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত নম্বরপত্রে দেখা যায়, শারীরিক শিক্ষায় ১০-এর মধ্যে পুরো ১০ নম্বর পেয়েছিলেন মেসি। শিল্প ও সংগীতে পেয়েছিলেন ৮ এবং নৈতিকতা ও নাগরিক শিক্ষায় ৭। তবে গণিত, ভাষা, সমাজবিজ্ঞান, বিদেশি ভাষা ও প্রযুক্তি বিষয়ে তার প্রাপ্ত নম্বর ছিল ৬ করে।

অর্থাৎ অন্যান্য বিষয়ে খুব বেশি ভালো ফল না করলেও শারীরিক শিক্ষায় নিজের পারদর্শিতার প্রমাণ দিয়েছিলেন ছোটবেলার মেসি। অবশ্য ফুটবলের প্রতি তার প্রবল ভালোবাসার কথা বিবেচনা করলে বিষয়টি খুব একটা বিস্ময়কর নয়। তখনই রোজারিওর ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলের হয়ে নিয়মিত ফুটবল খেলতেন তিনি।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী হিসেবে মেসির ফলাফল সাধারণ মানের হলেও খেলাধুলায় তার অসাধারণ আগ্রহ ও প্রতিভা শিক্ষকদের চোখে পড়েছিল।

মেসির পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির গণিত শিক্ষিকা আন্দ্রেয়া সোসা তার শৈশবের স্মৃতিচারণ করে জানিয়েছেন, ছোটবেলায় মেসি ছিলেন বেশ শান্ত ও লাজুক প্রকৃতির। ক্লাসের ভেতরে খুব একটা কথা বলতেন না কিংবা সক্রিয়ভাবে অংশ নিতেন না। কিন্তু ফুটবল মাঠে নামলেই তার মধ্যে ভিন্ন এক ব্যক্তিত্বের প্রকাশ ঘটত।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সোসা বলেছিলেন, শ্রেণিকক্ষে মেসি ছিলেন একেবারেই চুপচাপ। কিন্তু মাঠে ফুটবল খেলতে গেলেই তাকে অন্যরকম মনে হতো। সেখানেই প্রকাশ পেত তার আসল প্রতিভা ও পরিচিত সত্তা।

একই ধরনের স্মৃতির কথা জানিয়েছেন স্কুলটির সহকারী প্রধান শিক্ষক এবং মেসির প্রথম শ্রেণির শিক্ষিকা মনিকা দোমিনাও। তার ভাষ্য অনুযায়ী, ছোটবেলায় মেসির বন্ধু ছিল অনেক। স্কুল ছুটি হওয়ার পর সহপাঠীরা তার সঙ্গে ফুটবল খেলতে মাঠে যাওয়ার জন্য অপেক্ষা করত। শৈশব থেকেই খেলাধুলার প্রতি মেসির আগ্রহ ছিল অন্য সবকিছুর চেয়ে বেশি।

নিজের পড়াশোনার দুর্বলতা নিয়েও কখনো লুকোছাপা করেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। রোজারিওতে কাটানো শৈশবের কথা বলতে গিয়ে একবার নিজেই স্বীকার করেছিলেন, ছাত্র হিসেবে তিনি খুব একটা ভালো ছিলেন না। স্কুল বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও প্রায়ই দেরি করে ক্লাসে পৌঁছাতেন।

বার্সেলোনায় যাওয়ার পরও পড়াশোনার প্রতি তার বিশেষ আগ্রহ তৈরি হয়নি। মেসির নিজের বক্তব্য অনুযায়ী, ক্লাসে বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডাতেই বেশি সময় কাটত। পড়াশোনার চেয়ে অন্য বিষয়গুলো তাদের কাছে বেশি আকর্ষণীয় ছিল। এমনকি পরীক্ষায় পাস করার জন্য একে অপরের সহযোগিতাও নিতেন তারা।

তবে শিক্ষার্থী হিসেবে খুব বেশি মনোযোগী না হলেও নিজের শৈশবের স্কুলের কথা কখনো ভুলে যাননি মেসি। বিশ্বজুড়ে খ্যাতি অর্জনের পরও একাধিকবার জেনারেল লাস হেরাস স্কুলে গিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক সহায়তাও দিয়েছেন। তার সহযোগিতায় স্কুলে কম্পিউটার, টেলিভিশন ও সাউন্ড সিস্টেম যুক্ত হয়েছে। পাশাপাশি খেলার মাঠের বেঞ্চ সংস্কারের কাজও করা হয়েছে।

যে স্কুলের মাঠে একসময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেন, সেই প্রতিষ্ঠানের সঙ্গে এখনো যোগাযোগ ও আন্তরিক সম্পর্ক বজায় রেখেছেন মেসি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির হয়ে খেলছেন বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

মেসির পুরোনো নম্বরপত্র প্রকাশ্যে আসার পর নতুন করে সামনে এসেছে তার স্কুলজীবনের নানা অজানা গল্প। শ্রেণিকক্ষে লাজুক ও সাধারণ মানের শিক্ষার্থী হলেও ফুটবল মাঠে ছোটবেলা থেকেই নিজের অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। সেই প্রতিভাই একসময় তাকে পৌঁছে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ উচ্চতায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button