বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজত

বাংলা টিভি ডেস্ক: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা সতর্ক করে বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত এলে তার প্রতিক্রিয়া সীমান্ত ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানান হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।
বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। এমন বক্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক উল্লেখ করে এর নিন্দা জানান তারা।
হেফাজত নেতাদের দাবি, বাংলাদেশের জনগণ অতীতেও নানা প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছে। তাই বাইরের কোনো পক্ষের হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা সম্ভব নয়।
বিবৃতিতে ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তারা। নেতাদের অভিযোগ, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতীয় বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা আগের মতো নেই বলেও উল্লেখ করেন তারা।
এ ছাড়া বিবৃতিতে দেশের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ড ও রাজনৈতিক ঘটনার প্রসঙ্গ তুলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের পক্ষ থেকে প্রচারিত বক্তব্যেরও সমালোচনা করেন হেফাজত নেতারা।
বিবৃতির শেষাংশে তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হামলা হলে জনগণ তা প্রতিহত করতে প্রস্তুত। এমন পরিস্থিতিতে পাল্টা প্রতিরোধের প্রভাব ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স থেকে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।



