১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে স্থাপনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে গত ২৫ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বর্তমান সচিবালয় থেকে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই সময় ১৬ ডিসেম্বর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টিও আলোচনায় আসে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কাছে সম্মতির জন্য সারসংক্ষেপ পাঠানো হলে তিনি অনুমোদন দেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরের নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সচিবালয় নির্মাণ ও স্থানান্তর প্রকল্পে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময়সীমা প্রস্তাব করা হয়েছে।
কেন স্থানান্তর করা হচ্ছে সচিবালয়?
প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়ের ১৭ দশমিক ৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন রয়েছে। এর মধ্যে আটটি ভবন স্বাধীনতার আগে নির্মিত। বিশেষ করে ১, ২, ৩ ও ৮ নম্বর ভবন ১৯৩৭ থেকে ১৯৩৯ সালের মধ্যে এবং ৫ নম্বর ভবন ১৯৪৭ সালে নির্মাণ করা হয়েছিল। ফলে এসব ভবন আধুনিক ভূমিকম্প সহনশীল নির্মাণমান অনুসরণ করে তৈরি হয়নি।
ঢাকা ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় পুরোনো ভবনগুলোতে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বর্তমান সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পর্যাপ্ত কর্মক্ষেত্র, ওয়াশরুম ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। অতিরিক্ত জনবল ও সীমিত অবকাঠামোর কারণে স্বাভাবিক কর্মপরিবেশও ব্যাহত হচ্ছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, বর্তমানে সচিবালয়ে প্রায় ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট অফিস স্পেস রয়েছে। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের বাড়তি চাহিদা এবং সচিবালয় কমপাউন্ডের বাইরে থাকা দপ্তরগুলোকে একই জায়গায় আনার জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি জায়গা প্রয়োজন।
এসব বিষয় বিবেচনায় নিয়ে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার।



