সচিবালয়ের সেই ফোন কল ও শহীদ ডা. মিলনের হারিয়ে যাওয়া ছবি

ইতিহাসের কিছু দিন থাকে, যা একটি জাতির গতিপথ বদলে দেয়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর, মঙ্গলবার ছিল বাংলাদেশের ইতিহাসের তেমনই এক রক্তাক্ত ও অবিস্মরণীয় দিন। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ডা. শামসুল আলম খান মিলন। কাকতালীয়ভাবে, সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আমি নিজেই হয়ে উঠেছিলাম সেই ঐতিহাসিক ঘটনাপ্রবাহের এক প্রত্যক্ষ সাক্ষী।
সেদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন থেকে বের হতেই দেখি, সামনে দিয়ে একটি মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স জাতীয় গাড়ি দ্রুতবেগে চলে গেল। গাড়ির ভেতরে ছাত্রনেতা অভি আহমেদকে ওভাবে যেতে দেখে মনটা অজানা আশঙ্কায় অশান্ত হয়ে উঠল। সেখান থেকে রিকশা নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হই। দোয়েল চত্বর পার হওয়ার সময় গুলির আওয়াজ শুনতে পাই। তখনকার অস্থির সময়ে গুলির শব্দ প্রায়ই শোনা যেত বলে বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিইনি।
প্রেসক্লাব গেট দিয়ে সচিবালয়ে ঢুকে সোজা চলে যাই তৎকালীন বাণিজ্য সচিব মোকাম্মেল হক সাহেবের একান্ত সচিবের (পিএস) কক্ষে। মোকাম্মেল হক সাহেব সম্পর্কে আমার খালুর ছোট ভাই, আমি তাঁকে চাচা ডাকতাম। কক্ষে গিয়ে দেখি পিএস সাহেব সচিবের কক্ষে আছেন, আর আমি একা অপেক্ষা করছি। হঠাৎ টেবিলের টেলিফোনটি বেজে উঠল। একবার বেজে কেটে যাওয়ার পরও ফোনটি বারবার বাজতেই থাকল। সরকারি অফিসের ফোন রিসিভ করা অশোভন জেনেও কী মনে করে যেন রিসিভারটি তুলে ধরি।
অপর প্রান্ত থেকে ব্যস্ত কণ্ঠে প্রশ্ন এল, “হ্যালো, এটা কি বাণিজ্য সচিব মোকাম্মেল হকের অফিস?” আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, “না, এটি ওনার পিএস-এর নম্বর। উনি সচিব মহোদয়ের কক্ষে জরুরি বৈঠকে আছেন।” ওপাশ থেকে কণ্ঠটি ভারী হয়ে এল, “একটা দুঃসংবাদ দেওয়া যাবে? সচিব মহোদয়ের ভায়রার মেয়ে কবিতার স্বামী ডা. মিলন ঢাবি ক্যাম্পাসে টিএসসির উল্টোদিকে গুলিবিদ্ধ হয়েছেন। মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।”
সংবাদটি শুনে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাই। রিসিভার রেখে দ্রুত সচিব মহোদয়ের কক্ষের দরজায় কড়া নেড়ে ভেতরে প্রবেশ করি। ঘরভর্তি কর্মকর্তাদের সামনে আমাকে ওভাবে হাঁপাতে দেখে চাচা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, “তুমি হাঁপাচ্ছ কেন শওকত?” আমি কোনোমতে নিজেকে সামলে বললাম, “চাচা, একটি দুঃসংবাদ আছে। আপনার ভায়রার মেয়ে কবিতা আপার স্বামী ডা. মিলন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহ ঢাকা মেডিকেলে রাখা হয়েছে।”
খবরটি শুনে চাচা কিছুক্ষণ নীরব রইলেন। এরপর বললেন, “চলো, মরদেহ দেখে আসি।” আমি তাঁকে নিবৃত্ত করে বললাম, “না চাচা, আপনার এখন যাওয়া ঠিক হবে না। আজ বিকেলেই বিশ্ব বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আপনার ব্রাসেলস যাওয়ার ফ্লাইট।” চরম শোক ও রাষ্ট্রীয় দায়িত্বের এই কঠিন মুহূর্তেও তিনি আমার ভবিষ্যতের কথা ভোলেননি। ঘড়ির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “তোমার না আজ বেক্সিমকোতে সাক্ষাৎকার?” “জি, বিকেল তিনটায়।” চাচা স্নেহশীল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, “যাও, বাসায় গিয়ে পোশাক বদলে সাক্ষাৎকার দিতে চলে যাও। আমি নির্দিষ্ট তারিখে দেশে ফিরব, তখন বাসায় এসো।”
সচিবালয় থেকে রামপুরার বাসায় ফিরে বিকেলে মামাতো ভাই আজাদকে সঙ্গে নিয়ে বেবিট্যাক্সিতে চড়ে ধানমন্ডি ২ নম্বরে বেক্সিমকোর কর্পোরেট প্রধান কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হই। কিন্তু সায়েন্সল্যাবের মোড়ে আসতেই দেখি, পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে; রাস্তায় দাউদাউ করে আগুন জ্বলছে। ডা. মিলনের মৃত্যুর খবরে ততক্ষণে পুরো শহর বিক্ষোভে ফেটে পড়েছে। আগুন ও ব্যারিকেড এড়িয়ে অনেকটা পথ ঘুরে বেক্সিমকো কার্যালয়ে পৌঁছাতে নির্ধারিত সময়ের তিন মিনিট দেরি হয়ে যায়। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই আমার লিখিত পরীক্ষা ও আধা ঘণ্টার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় এবং ১ ডিসেম্বর যোগদানের তারিখ চূড়ান্ত হয়।
বাসায় ফেরার আগেই শহরে কারফিউ জারি করা হয়। সন্ধ্যায় ছাদে উঠে দেখি ঢাকার আকাশে ধোঁয়ার কুণ্ডলী ও আগুনের ফুলকি, আর নিচে গলির ভেতর সেনাবাহিনী টহল ও তল্লাশি চালাচ্ছে। এরপর টানা কারফিউ ও লাগাতার গণ-আন্দোলনের মুখে অবশেষে ৬ ডিসেম্বর এরশাদ সরকার পদত্যাগের ঘোষণা দেয়। সেদিন রাতে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন ঘেরাও করে রাখা লক্ষ জনতার বিজয় উল্লাসে শামিল হই। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ডাকসু ভবনের বিজয় মিছিলে যোগ দিয়ে মনে হয়েছিল, ইতিহাসের একটি বৃত্ত যেন পূর্ণ হলো।
সেই ছবিগুলোর মধ্যে একটি ছবি আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। শহীদ হওয়ার মাত্র কয়েকদিন আগে ডা. মিলনের মেয়ের জন্মদিন ছিল। মেয়েকে কোলে নিয়ে তোলা সেই ছবির পেছনে ডা. মিলন নিজ হাতে লিখে রেখেছিলেন— “আমার ছবি কইবে কথা যখন আমি থাকবো না।” কী করুণ আর অদ্ভুত এক পূর্বাভাস!
আমার জীবনের বড় দুর্ভাগ্য, সময়ের পরিক্রমায় পরবর্তীতে সেই অমূল্য ছবিগুলো আমি হারিয়ে ফেলি। ফেরত দেওয়ার শর্তে আনা ছবিগুলো হারিয়ে ফেলার তীব্র সংকোচ ও অপরাধবোধ থেকে লজ্জায় আর কখনো কবিতা আপার মুখোমুখি হতে পারিনি। ছবিগুলো আজ আমার কাছে নেই ঠিকই, কিন্তু নব্বইয়ের সেই ২৭ নভেম্বর এবং ছবির পেছনে লেখা ডা. মিলনের সেই অমর পঙ্ক্তিটি আমার স্মৃতিতে আজও জীবন্ত হয়ে আছে।
লেখক: মাহবুব শওকত, সোশ্যাল অ্যাক্টিভিস্ট



