জাতীয়

১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা: রিজভী

বাংলা টিভি ডেস্ক: ১৭ বছর ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল নব্বইয়ের স্বৈরাচার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজে ডা. মিলনের ৩৬তম শাহাদতবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ৭ই নভেম্বর বাদ দিয়ে কি বাংলাদেশের ইতিহাস হতে পারে? ঠিক তেমনিভাবে ৯০-এ এরশাদের মতো একটি ভয়ংকর একনায়ককে পতন ঘটাতে ডা. শামসুল আলম খান মিলনের শহীদি আত্মদান এবং সংগ্রাম আমাদের ইতিহাসের অংশ।

তিনি বলেন, এটাও ইতিহাসের অধ্যায় হিসেবে লেখা থাকবে। এটাকে যদি আবার কেউ কোনোভাবে মুছে ফেলতে চান, তাহলে সেটা মোছা যাবে না। নানাভাবেই একটা অপরটার মধ্যে মুছে ফেলার চেষ্টা করা হয়। কিন্তু এগুলো আমাদের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়।

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গে রিজভী বলেন, গণতন্ত্রের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অপেক্ষাকৃত কার্যকর। কিন্তু আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে। মূলত অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতেই তারা এমনটি করেছে।

তিনি বলেন, পৃথিবীর সব দেশের গণতন্ত্রের চেহারা এক নয়। কাঠামো অনুযায়ী গণতন্ত্র একেক দেশে একেক রকম। ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচাররা। জাসদের গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস আছে।

এছাড়া উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ড্যাব নেতারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button