হ্যানসাটনের এআই-সমৃদ্ধ শ্রবণযন্ত্র ‘এসেন্জ’ এখন বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক: দেশের শ্রবণ সমস্যায় আক্রান্ত মানুষের জন্য বিশ্বমানের আধুনিক প্রযুক্তিসেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশে যাত্রা শুরু করল সুইজারল্যান্ডের সোনোভা গ্রুপের ব্র্যান্ড হ্যানসাটনের নতুন শ্রবণ সহায়ক যন্ত্র ‘এসেন্জ’ (Essenz)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নিউ ইস্কাটনের মেট্রো মসজিদ মিশনে ‘হিয়ারলাইফ ও শ্রবণ সহায়ক কেন্দ্র’-এর উদ্যোগে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন ও বিশেষ কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক ‘ইরা’ (ERA) চিপসমৃদ্ধ এই যন্ত্রটি কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট শব্দ শুনতে সহায়তা করে। পাশাপাশি সরাসরি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের সঙ্গে এটি যুক্ত করা যায়। দিনব্যাপী কর্মশালায় বিশেষজ্ঞ ও টেকনিশিয়ানদের যন্ত্রটির বিভিন্ন মডেল, রোগীর কানে নিখুঁত স্থাপন (ফিটিং) এবং কম্পিউটারাইজড সমন্বয়ের (অ্যাডজাস্টমেন্ট) ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
হিয়ারলাইফ ও শ্রবণ সহায়ক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন বলেন, “দেশের শ্রবণ সমস্যায় আক্রান্ত মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের যন্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। একজন ব্যবহারকারী যেন কেবল যন্ত্র কিনেই সীমাবদ্ধ না থাকেন, বরং নিজের প্রয়োজন অনুযায়ী সঠিক যন্ত্র নির্বাচন ও দীর্ঘমেয়াদি বিক্রয়োত্তর সেবা পান, তা নিশ্চিত করতেই আমরা কাজ করছি।”
সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ভুল শ্রবণ পরীক্ষা (অডিওমেট্রি) ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শ্রবণ প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে।



