জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট বানানোর চেষ্টা, রোহিঙ্গা নারীসহ আটক ৪

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জাল জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
আটক দুজন রোহিঙ্গা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৬ নম্বর ক্যাম্পের বাসিন্দা কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তার বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। আটক অপর দুজন হলেন নেত্রকোনার পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঠলি গ্রামের আব্দুল জলিল এবং উপজেলা সদর ইউনিয়নের ছোট ইলাশপুর গ্রামের আজিজুল হক।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুবাই যাওয়ার উদ্দেশ্যে বাবাকে সঙ্গে নিয়ে পাসপোর্ট করতে গত বৃহস্পতিবার নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান কাউসার বিবি। সেখানে জমা দেওয়া কাগজপত্র ও পরিচয়ে অসংগতি ধরা পড়ে। এরপর পাসপোর্ট অফিস থেকে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয়।
পরে চেয়ারম্যান কাউসার বিবিসহ সংশ্লিষ্টদের পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় দুই মাস আগে জাল জন্মনিবন্ধন সনদ তৈরিতে স্থানীয় আজিজুল হক ও আব্দুল জলিলের জড়িত থাকার অভিযোগ উঠে।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



