গ্রাম বাংলাদেশবাংলা

বকশীগঞ্জে দুই শিক্ষার্থীকে মারধর, প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও অভিভাবকেরা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম ইসমাইল হোসেন। তিনি বাট্টাজোড় ইউনিয়নের ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক। অভিযোগ অনুযায়ী, তিনি ওই বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে মারধর করে আহত করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন আসাদুজ্জামান, আকরাম হোসেন, শাহিদা আক্তার, রাশেদা খাতুন ও রাজু আহম্মেদসহ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

বক্তারা বলেন, একজন শিক্ষক হয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর এ ধরনের শারীরিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা অবিলম্বে বিদ্যালয় বন্ধ রাখা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ইসমাইল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button