মধ্যনগরে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৭, আহত ২৫

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় খাস জমির দখল ও জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন ৭ জন। শনিবার দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছে জনতা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না ও জলুসা গ্রামের নূরে আলম জিকুর অনুসারীদের মধ্যে খাস জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এই বিরোধকে ঘিরে আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
শনিবার দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন আমজোড়া ও জলুসা গ্রামের হাওর এলাকায় গেলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘাতে রূপ নেয় এবং উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে জনতা বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জায়গা সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরেই এই সংঘর্ষ ঘটেছে। আগেও দুই পক্ষের মধ্যে কয়েকবার সংঘর্ষের ঘটনা রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ হয়ে যায়। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।



