ধর্ম

খ্রিস্টান থেকে মুসলিম হয়ে হুমকির পরও অবিচল, যুবক বললেন— ‘নাস্তিকতার চেয়ে দ্বীনের পথ ভাল’

বাংলা টিভি ডেস্ক: সম্প্রতি খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন পাভেল শেখ। ধর্ম পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিরূপ মন্তব্য ও হুমকির মুখে পড়লেও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ইসলাম গ্রহণের পেছনের কারণ ও নিজের দীর্ঘদিনের উপলব্ধির কথা তুলে ধরেছেন।

গত শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ধর্ম পরিবর্তনের অভিজ্ঞতা বর্ণনা করেন পাভেল। সেখানে তিনি জানান, খ্রিষ্টান পরিবারে জন্ম ও বেড়ে ওঠা হলেও ছোটবেলা থেকেই ধর্মীয় নানা বিষয় নিয়ে তাঁর মনে প্রশ্ন তৈরি হতো। বিশেষ করে নিজের হাতে তৈরি প্রতিমাকে সৃষ্টিকর্তা হিসেবে মানার বিষয়টি তাঁকে ভাবিয়ে তুলত।

পোস্টে পাভেল লেখেন, খ্রিষ্টান পরিবারে জন্ম হলেও নিজের ধর্মের প্রতি ছোটবেলা থেকে তেমন আগ্রহ অনুভব করতেন না। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং একাধিক ধর্মের আচার পালনের অভিজ্ঞতাও তাঁর চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল।

ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মুসলিম বন্ধুদের রোজা, ঈদ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করত। তাঁর ভাষায়, ইসলাম অন্য ধর্মের মানুষকে সম্মান করতে এবং তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে শেখায়। বন্ধুদের দেখে মাঝেমধ্যে গোপনে নামাজও আদায় করতেন তিনি।

একপর্যায়ে নিজের মধ্যে ধর্মীয় বিশ্বাস নিয়ে দ্বিধা তৈরি হয় এবং নিজেকে নাস্তিকতার দিকে এগিয়ে যেতে দেখেন বলে জানান পাভেল। এরপর থেকেই ইসলামের প্রতি তাঁর আগ্রহ ও আকর্ষণ বাড়তে থাকে।

তিনি আরও জানান, ইসলাম গ্রহণের ইচ্ছার কথা পরিবারকে জানালে তাঁকে মারধরের শিকার হতে হয়েছিল। প্রতিকূল পরিস্থিতিতেও নিজের বিশ্বাসের জায়গা থেকে সরে আসেননি তিনি। এ সময় তাঁর পাশে ছিলেন মুসলিম বন্ধু ইমন। ইসলামের বিভিন্ন বিষয় বুঝতে ও সিদ্ধান্ত নিতে ইমন তাঁকে সহযোগিতা করেন বলে উল্লেখ করেছেন পাভেল।

পোস্টে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ইমনের সহযোগিতা তাঁর ইসলাম গ্রহণের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবকিছু বুঝে, শুনে ও যাচাই করার পরই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ধর্ম পরিবর্তনের পর সমালোচনা, গালাগালি ও প্রাণনাশের হুমকির অভিযোগের বিষয়ে পাভেল জানান, এসব প্রতিকূলতা সত্ত্বেও নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত নন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‘নাস্তিক হয়ে বেঁচে থাকার চেয়ে দ্বীনের পথে ফিরে আসা অনেক ভালো।’

ইসলাম গ্রহণের পর নিজের নতুন পরিচয় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে পোস্টের শেষাংশে তিনি আলহামদুলিল্লাহ বলে কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button