বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ লেখা যাবে কি?

বাংলা টিভি ডেস্ক: ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ ইসলামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বাক্য। এর মধ্যে মহান আল্লাহর সত্তাগত নাম ‘আল্লাহ’ এবং গুণবাচক দুটি নাম ‘রাহমান’ ও ‘রাহিম’ একত্রিত হয়েছে। এ কারণে বাক্যটির মর্যাদা ও গুরুত্ব অপরিসীম।
‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’-এর অর্থ হলো, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ বাক্যের মাধ্যমে কোনো কাজ শুরু করলে আল্লাহর রহমত ও বরকত কামনা করা হয়।
হাদিসের বর্ণনা অনুযায়ী, হজরত জিবরাইল (আ.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে ওহি নিয়ে আসার সময় বিসমিল্লাহ পাঠ করতেন। এ ছাড়া পবিত্র কোরআনের সুরা তাওবা ছাড়া অন্য সব সুরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে। হাদিসের বিভিন্ন গ্রন্থেও বিসমিল্লাহ দিয়ে আলোচনা শুরু করার প্রচলন দেখা যায়।
ইতিহাস অনুযায়ী, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বাক্যটি হজরত সুলাইমান (আ.)-এর চিঠিতে বিশেষভাবে উল্লেখ রয়েছে। সাবা নগরীর রানি বিলকিসের কাছে পাঠানো ওই চিঠির বিবরণ পবিত্র কোরআনের সুরা নামলের ২৯ ও ৩০ নম্বর আয়াতে পাওয়া যায়।
তবে বিসমিল্লাহর পরিবর্তে ‘৭৮৬’ সংখ্যা লেখার প্রচলন নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। আরবি হরফের আবজাদ পদ্ধতিতে নির্ধারিত সংখ্যামান অনুযায়ী ‘৭৮৬’ সংখ্যাটিকে বিসমিল্লাহর সঙ্গে সম্পর্কিত মনে করেন অনেকে। এ কারণে বিভিন্ন চিঠি, কাগজপত্র কিংবা লেখায় বিসমিল্লাহ না লিখে শুধু ৭৮৬ ব্যবহার করতে দেখা যায়।
তবে ইসলামী চিন্তাবিদ ও আলেমদের মতে, পূর্ণাঙ্গ বিসমিল্লাহর বিকল্প হিসেবে ৭৮৬ ব্যবহারের পক্ষে কোরআন-হাদিসে কোনো প্রমাণ নেই। ইসলামের স্বীকৃত শরিয়াহভিত্তিক দলিলেও এটিকে বিসমিল্লাহর বিকল্প হিসেবে গ্রহণ করার ভিত্তি পাওয়া যায় না।
প্রখ্যাত ফতোয়াগ্রন্থ ‘আহসানুল ফতোয়া’সহ বিভিন্ন ইসলামি গ্রন্থে বলা হয়েছে, বিসমিল্লাহর পরিবর্তে শুধু ৭৮৬ লিখলে পূর্ণাঙ্গ বিসমিল্লাহ লেখার সওয়াব পাওয়া যায় না। একইভাবে বিসমিল্লাহ পাঠের সুন্নত আমলও এর মাধ্যমে পূর্ণ হয় না।
সুতরাং বিসমিল্লাহর প্রকৃত মর্যাদা ও তাৎপর্য বজায় রাখতে কোনো কাজের শুরুতে সংখ্যার পরিবর্তে সম্পূর্ণ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লেখা ও পাঠ করাই উত্তম।


