জাতীয় ঐক্যফ্রন্ট সাম্প্রদায়িক অপশক্তির জোট- ওবায়দুল কাদের

||বাংলা টিভি অনলাইন||
জাতীয় ঐক্যফ্রন্টকে সাম্প্রদায়িক অপশক্তির জোট আখ্যায়িত করে নীতিগতভাবে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট নামে যে জোট হয়েছে, এটা সাম্প্রদায়িক ও অশুভ শক্তির জোট। তাদের লক্ষ্য ক্ষমতা নয়, শেখ হাসিনাকে হটানো। নীতিগতভাবে তাদের সঙ্গে আমাদের সংলাপ হতে পারে না।’
তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট নিয়ে বিচলিত কিংবা ভয়ের কিছু নেই। যারা ১০ বছরে ১০ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি, তারাইতো ঐক্যফ্রন্ট করেছে। অলরেডি তাদের দুই উইকেট পড়ে গেছে। নির্বাচনের আগে আসন ভাগাভাগি এলে দেখা যাবে কত ধানে কত চাল?’
সিলেটে ঐক্যফ্রন্ট নেতাদের সমাবেশ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মাজার জিয়ারত এদেশের রাজনীতিতে একটা ট্রেন্ড। তবে সেখানে কোনো নাশকতা কিংবা সহিংসতা হলে, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় যা করণীয় সবই করবে আইনশৃঙ্খলা বাহিনী।’
তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের জনগণের প্রতি কোনো আস্থা নেই। আগেই তারা বিদেশিদের কাছে গেছেন দাবি-দাওয়া নিয়ে। আমি মনে করি, তাদের ভবিষ্যত অন্ধকার।’
২০ দলীয় জোটের ভাঙন বিষয়ে কাদের বলেন, ‘কোনো দল আমরা ভাঙতে চাই না। এতে বিশ্বাসীও নই। যদি কোনো দল ভাঙে, তা তাদের নিজেদের কারণেই। এতে আওয়ামী লীগের হাত থাকার প্রশ্নই আসে না।’
এ সময় তিনি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে অসম্মানের প্রতিবাদ জানান। বলেন, ‘বিশিষ্ট সাংবাদিক মাসুদা ভাট্টিকে ব্যারিস্টার মইনুল হোসেন যা বলেছেন, তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের মন্তব্য নজিরবিহীন ও শিষ্টাচারবহির্ভূত।’
সম্পাদকমণ্ডলীর সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
বাংলাটিভি/এবি



