দেশবাংলা

‘বিদ্রোহী কলমে বিশ্ব কাপিয়েছেন কাজী নজরুল’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কলমে সারা বিশ্ব কাপিয়েছেন। তিনি আমাদের জাতীয় কবি। সারাজীবন অন্যায়-অনাচার, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে তার কলম ধরেছেন। নতুন প্রজন্মকেও ত্যাগের মধ্য দিয়ে গড়ে তুলতে হবে আদর্শ জীবন।

রোববার সকাল দশটায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। শোষণ-নিপীড়ন সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন বাস্তবায়নে নজরুলের আদর্শ দর্শন ও সাহিত্য সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

এর আগে, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ।

আলোচনা সভায় কবি নজরুল ইন্সটিটিউটের পরিচালক আব্দুর রহিম, নজরুল গবেষক ও এশিয়ান ইউনিভার্সিটির প্রাক্তন বিভাগীয় প্রধান ড. সৈয়দা মোতাহেরা বানু, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার কে,এম আব্দুল মোমেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে নজরুল ভক্ত অনুরাগী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

সম্মেলন উপলক্ষে এর আগে সকালে শহরের মুক্তির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মঙ্গলবার পর্যন্ত চলবে সম্মেলন।

সংশ্লিষ্ট খবর

Back to top button