
টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমা শুরুর সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ১০ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী এবং দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ধর্মপ্রাণ মুসুল্লীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ময়দানে ইজতেমার প্রস্তুতি কাজে অংশ নিচ্ছেন। ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
টঙ্গীর তুরাগ নদীর তীরে তাবলীগ জামায়াত আয়োজিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশের অংশ হিসেবে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারী। ইজতেমায় আগত মুসুল্লিদের জন্য ১৩৭ একর ভূমি উন্নয়নসহ অন্যান্য কাজের পাশাপাশি প্রতিদিন শত শত ধর্মপ্রাণ মুসুল্লীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা প্রস্তুতির কাজে অংশ নিচ্ছেন।
ইজতেমা মাঠ তাবলীগ জামায়াতের নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করে বিভিন্ন খিত্তায় বিভক্ত করার কাজ চলছে। এছাড়া ময়দানের ভেতরে মুসুল্লীদের চলাচলের রাস্তা আধা পাকা করণের কাজও প্রায় শেষ। এখানে কাজ করতে পেরে খুশি বলে জানান, প্রস্তুতি কাজে অংশ নেয়া মুসুল্লীরা।
এদিকে, দুই পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বরে জানালেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন।
১৯৬৭ সাল থেকে ইসলামী আমল ও আকীদা শিক্ষার জন্য মুসুল্লীরা প্রতিবছর সমবেত হচ্ছেন টঙ্গীর এই বিশ্ব ইজতেমা ময়দানে।
মো: তাওহিদ কবির, টঙ্গী প্রতিনিধি



