বাংলাদেশ

নামের সঙ্গে ‘ইকো’ যুক্ত করলে অনুষ্ঠানে যাবেন না আইমান আল জাওহারী

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইকো হুজুর’ নামে পরিচিত আইমান আল জাওহারী নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দ ব্যবহারের বিষয়ে আপত্তি জানিয়েছেন। কোনো অনুষ্ঠানের প্রচারণা বা আয়োজনে তাঁর নামের আগে কিংবা টাইটেলের সঙ্গে ‘ইকো’ শব্দ যুক্ত করা হলে সেখানে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর এমন ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন আইমান আল জাওহারী।

পোস্টে অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশে তিনি জানান, তাঁর নামের সঙ্গে ‘ইকো’ শব্দটি ব্যবহার করা হলে তিনি সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না। কারণ, শব্দটি তাঁর প্রকৃত পরিচয়, যোগ্যতা কিংবা কোনো পদবি নয়।

তিনি আরও উল্লেখ করেন, তাঁর নামের সঙ্গে এমন কোনো অতিরিক্ত পরিচয় যুক্ত করার প্রয়োজন নেই, যা তাঁর ব্যক্তিগত পরিচয়কে যথাযথভাবে তুলে ধরে না।

পোস্টের শেষাংশে আইমান আল জাওহারী বলেন, তিনি চান তাঁকে নিজের নাম ও প্রকৃত পরিচয়েই সম্মান জানানো হোক। সম্মান প্রদর্শনের জন্য বাড়তি কোনো টাইটেল ব্যবহারের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।

একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে অনুষ্ঠানের প্রচারণায় তাঁর নাম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

নিজের পরিচয়ের সঙ্গে ‘ইকো’ শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে আইমান আল জাওহারীর এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button