ভুট্টা ক্ষেতে পোকার আক্রমণে দিশেহারা চাষি

ভুট্টা ক্ষেতে ফল আর্মি ওয়াম পোকার আক্রমণে কোনো কীটনাশকেই প্রতিকার পাচ্ছে না, দিশেহারা হয়ে প্রতিকার চাইছেন ভূট্টা চাষিরা।
কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় ভুট্টা ক্ষেতে ফল আর্মি ওয়াম নামে এক ধরনের পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। বিভিন্ন জাতের শক্তিশালী কীটনাশক ব্যবহারেও মিলছে না প্রতিকার। ফল আর্মি দ্রুত ছড়িয়ে পড়ছে প্রতিটি ভূট্টা ক্ষেতে। অন্যান্য ফসলের জন্যও ক্ষতিকর এই পোকাটি। এর প্রতিকারে দ্রুত সরকারী সহায়তা চান দুই উপজেলার কৃষকরা।
কয়েক বছর ধরে ভূট্টা চাষে বেশি লাভ হওয়ায় কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার চাষীরা ভুট্টা আবাদে ঝুঁকে পড়েন। আর্মি ওয়াম নামে এ পোকাটি মূলত আফ্রিকান পোকা হিসেবে পরিচিত। গত বছর এই পোকার আক্রমন কম থাকলেও এবার তা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন।
এ পোকা ভূট্টার পাতা খেয়ে ফেলছে। একাধিকবার শক্তিশালী কীটনাশক প্রয়োগেও দমন হচ্ছেনা পোকার আক্রমন। এতে ফলন বিপর্যয়ের আশংকা করছেন চাষীরা। এদিকে, পোকার আক্রমন থেকে ফসল বাঁচাতে কীটনাশকসহ সার্বিক সহায়তা দেয়া হচ্ছে বলে জানান, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন।
চলতি মৌসুমে ৪ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা কমিয়ে ৩ হাজার ৪৫০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে। ভুট্টাচাষে কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয় চাষীদের।
মাজহারুল ইসলাম, রৌমারি প্রতিনিধি



