
ঘন কুয়াশার কারণে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। পরে মঙ্গলবার সকাল ১০টায় অভ্যন্তরীণ আকাশপথে উড়োজাহাজ ওঠা নামা শুরু হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান জানিয়েছেন, দৃষ্টিসীমা ৬০০ থেকে ৮০০ মিটার থাকলে উড়োজাহাজ ওঠানামা করে।
তবে আজ সকালে বিমানবন্দরের রানওয়ে এলাকার দৃষ্টিসীমা ৫০ থেকে ১০০ মিটারের মধ্যে ছিল। সোমবার রাত থেকে সকাল পর্যন্ত ৬টা আন্তর্জাতিক ফ্লাইটের উড়োজাহাজ ঢাকায় অবতরণ না করে কলকাতা ও ব্যাংককের বিমানবন্দরে অবতরণ করে। পরে সকার ১০টা থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়।



