
অমর একুশে গ্রন্থমেলায় শুক্রবার ছিলো শেষ শিশু প্রহর। তাদের কলকাকলিতে মুখর ছিল বইমেলার শিশুচত্ত্বর প্রাঙ্গন। অভিভাবকদের সাথে নিয়ে মেলায় আসে শিশুরা। প্রকাশকরা জানান, অন্যান্যবারের তুলনায় এবার শিশুদের বই বিক্রির পরিমাণ বেশ ভালো।
সকালে খোলার পরপরই অভিভাবকদের হাত ধরে মেলা প্রাঙ্গনে প্রবেশ করেতে থাকে শিশু-কিশোররা। পুরো শিশুচত্বরসহ মেলা ভরে ওঠে নতুন-কুড়িদের সমাগমে। শিশুতোষ বই দিয়ে সাজানো স্টলগুলো ঘুরে ঘুরে, পছন্দের বই কিনতে পেরে দারুণ খুশি খুদে পাঠকরা। নিজস্ব সংস্কৃতির সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত অভিভাবকরাও।
শুধু বই কেনাই নয়, সিসিমপুরের হালুম, টুকটুকিদের সাথে খেলায় মেতে উঠে যেন আনন্দের বাঁধ ভাঙ্গে শিশুদের। অন্যদিকে, বইয়ের বিক্রি ভালো হওয়ায় সন্তোষ জানিয়েছেন, প্রকাশকরা।
তথ্য-প্রযুক্তির এই যুগেও বই পড়ায় শিশুদের আগ্রহ বাড়াতে, সবাই যত্নবান হবেন এমনই প্রত্যাশা সচেতন মহলের।
শহীদুল হক, বাংলা টিভি



