গৌরনদীতে ৪৮ দোকান পুড়ে ৫০ কোটি টাকার ক্ষতি

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ৪৮টি দোকান সম্পূর্ন পুড়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গৌরনদী ফায়ার সার্ভিসের মেশিন অকেজো এবং কাজের গাফিলতিতে দোকান রক্ষা করা সম্ভব হয়নি বলে অভিযোগ ব্যাবসায়ীদের। সোমবার সকালে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।
ররিশালের গৈারনদীতে আগুনে প্রায় ৪৮টি ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে, প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার মধ্যরাতে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায়, স্থানীয়রা। এতে সম্পূর্ণ পুড়ে গেছে বাসস্ট্যান্ড মার্কেট।আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে পৌর সুপার মার্কেট।
খবর পেয়ে গৌরনদী ও বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, বাবুগঞ্জ, উজিপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছুলেও গৌরনদী ফায়ার সার্ভিস মাত্র ৩ মিনিট পানি দেয়ার পর, পানি শেষ হয়ে যাওয়ায়,দোকানগুলো রক্ষা পায়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।
এ ঘটনায় সকালে ফায়ার সার্ভিসের গাফলতির বিচার চেয়ে, ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ব্যাবসায়ীদের এ অভিযোগ ভিত্তিহীন বলে জানান, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
এদিকে, আগামীতে আকস্মিক এমন দূর্ঘটনায় ফায়ার সার্ভিস যেন আরো সচেতন হয় এমন দাবি ব্যবসায়ীসহ সব মহলের।
এফ এম নাজমুল, বরিশাল প্রতিনিধি



