বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিতরণ ও রি-ইস্যুর উদ্যোগ

মালয়েশিয়ায় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন সময়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, পাসপোর্ট বিতরণ এবং রি-ইস্যুর উদ্যোগ নেয়া হয়েছে। গত ১৯ মে বাংলাদেশ দুতাবাসের ফেইসবুক পেইজের মাধ্যমে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শুধুমাত্র জরুরী ভিত্তিতে যাদের পাসপোর্ট প্রয়োজন তাদের জন্য, এ পদক্ষেপ নেয়া হয়েছে।
দুতাবাসের ফেইসবুক পেইজে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে, মালয়েশিয়া সরকার কর্তৃক মুভমেন্ট কন্ট্রোল অর্ডার কার্যকর রয়েছে। এ প্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপার্ট ডেলিভারী ও নবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে, কেবলমাত্র জরুরী ভিত্তিতে যাদের পাসপোর্ট প্রয়োজন তাদের জন্য।
তবে শর্ত হলো মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন সময়, চলাচলের ওপর মালয়েশিয়া সরকার প্রদত্ত সকল নিয়মকানুন এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পালন করতে হবে। হাইকমিশনে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরতে হবে, অসুস্থ থাকলে হাইকমিশনে প্রবেশে নিয়ম করা হবে এবং সর্বক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
পাসপোর্ট গ্রহনের জন্য, হাইকমিশনের এপয়েন্টমেন্ট নিয়ে আবেদনকারীকে উপস্থিত থাকতে হবে। এছাড়াও, হাইকমিশনের দেয়া আরও বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলার কথাও উল্লেখ রয়েছে, বিজ্ঞপ্তিতে। দুতাবাসের এমন উদ্যোগকে মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা স্বাগত জানিয়েছেন।
মোহাম্মদ আলী, মালয়েশিয়া প্রতিনিধি



