
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আবু হানিফ লেখেন, “গত দুদিন আগে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলো—সীমান্ত দিয়ে পলাতক শেখ হাসিনা দেশে ফিরবেন, তাই নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা নাকি রাস্তা খুঁজতে সীমান্তবর্তী এলাকায় আসছিলেন। যদিও সেসব সংবাদে সঠিক কোনো সোর্স উল্লেখ ছিল না, এমনকি যারা সীমান্তে রাস্তা খুঁজতে আসছিলেন তাদের কোনো ছবিও গণমাধ্যম দেখাতে পারেনি।”
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, “আজ আবার রয়টার্স সংবাদ প্রকাশ করেছে—১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে ফিরতে চান শেখ হাসিনা। সেটিও রয়টার্সকে জানিয়েছেন তার কথিত মুখপাত্র। আমি মনে করি, এসব সংবাদের আসলে কোনো ভিত্তি নেই। একজন পলাতক ব্যক্তি আড়াই বছরের বেশি সময় ধরে নিজের চেহারাটা গণমাধ্যমে দেখাতে পারেননি, তিনি আবার দেশে ফিরবেন?”
শেখ হাসিনার বর্তমান অবস্থান ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে গণঅধিকার পরিষদের এই মুখপাত্র তার পোস্টে লেখেন, “মানুষের মনে বড় প্রশ্ন—আদৌ কি তিনি বেঁচে আছেন? বাস্তবতা হলো, যদি শেখ হাসিনা বেঁচে থাকেন, তাহলেও তিনি দেশে ফিরবেন না। কেননা, দেশে ফেরার মতো সাহস থাকলে তিনি কখনো পালাতেন না।”
আবু হানিফ তার পোস্টের শেষাংশে দাবি করেন, “তিনি ভালো করে জানেন, দেশের জনগণের হাত থেকে ৫ আগস্ট সেনাবাহিনী রক্ষা করতে পারলেও জনগণ আরেকবার সুযোগ পেলে তাকে আর কেউ বাঁচাতে পারবে না।”



