আমিরাতে ঈদের নামাজ ঘরে পড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে করোনা সংক্রমণ রোধ করতে ঈদের নামাজ ঘরে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে চাঁদ দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে সরকারের পক্ষ থেকে ঈদের নামাজ ঘরে পড়ার পাশাপাশি, ঈদ উদযাপনে পার্টি বা উৎসব করতে নিষেধ করা হয়েছে।
যদি কেউ জনসমাগমের আয়োজন করে, তাকে ১০ হাজার দিরহাম এবং যদি কেউ গণজমায়েতে অংশ নেয়, তাকে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। ঈদগাহ আর মসজিদগুলো বন্ধ থাকলেও মসজিদ থেকে নামাজ শুরুর দশ মিনিট আগে তাকবির প্রচার করা যাবে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান সকল বাংলাদেশি প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে, ঈদের ছুটিতে অযথা ঘোরাঘুরি থেকে বিরত থাকতে, তিনি বাংলাদেশের সকল প্রবাসীদের অনুরোধ করেছেন।
দেশটিতে এ পর্যন্ত ৬৫ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিমান চলাচল বন্ধ থাকায় তাদেরকে স্থানীয়ভাবেই দাফন করা হয়েছে।



