টঙ্গীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টঙ্গীর মাজার বস্তিতে বন্দুকযুদ্ধে মোঃ হাসান নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১ এর একটি টীম টঙ্গী বাজার ও মাজার বস্তি এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে।
রাত সাড়ে ৯টার দিকে মাজার বস্তির দিকে প্রবেশ করলে র্যাব দেখে নিহত হাসান পালানোর চেষ্ঠা করে। পরে, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী হাসান ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোঃ হাসান টঙ্গীর মাঝার বস্তি এলাকার মৃত রুহুল আমিনের বড় ছেলে। তাঁর নামে ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৬টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
র্যাব-১ আরো দাবি করেন, মাদক ব্যবসায়ীরা টঙ্গীর মাঝার বস্তিতে জড়ো হয়ে মাদক পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র্যাব টহল দল সেখানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।
এ সময় বন্দুকযুদ্ধে শীর্ষ নেতা হাসান নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৮রাউন্ড গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানান র্যাব।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি



