ঈদ উদযাপনে নানা কৌশলে গ্রামের দিকে ছুটছে রাজধানীবাসী

করোনা সংক্রমণের ঝুঁকিতে তোয়াক্কা না করেই নানা কৌশলে ঈদ উদযাপনে গ্রামের দিকে ছুটছে রাজধানীবাসী। পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন ক্ষুদে যানবাহনে ঢাকা ছাড়ছে অসংখ্য মানুষ। আর এই সুযোগে ইচ্ছেমত ভাড়া হাঁকছে ব্যক্তিগত গাড়িগুলো।
প্রতিবছরই ঈদ সামনে রেখে যান আর জনজটে পূর্ণ থাকে রাজধানীর প্রবেশ পথগুলো। তবে এবার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে সে চিত্র কিছুটা ভিন্ন, ভাইরাসের বিস্তার রোধে কার্যত লকডাউন রাজধানীসহ সারা দেশ। বন্ধ গণপরিবহনগুলোও। কিন্তু থেমে নেই নাড়ীর টানে বাড়িফেরা মানুষের লড়াই। যে যেভাবে পারছে, ঢাকা ছাড়ছে এসব মানুষ।
আর এই সুযোগ কাজে লাগিয়ে মোটরসাইকেল আর প্রাইভেটকারগুলো ইচ্ছেমত ভাড়া হাঁকছে যাত্রীদের কাছে। ঘরমুখো এই মানুষগুলোরও যেন অজুহাতের শেষ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম না মেনে, এভাবে গাদাগাদি করে ঘরে ফেরায় করোনার বিস্তার ঘটবে এমন আশঙ্কা সচেতন মহলের।
বুলবুল/বাংলা টিভি



