দেশের শতাধিক গ্রামে ইদ পালিত হয়েছে আজ

দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের প্রচলিত নিয়মের একদিন আগেই রমজান শুরু ও ঈদ পালনের প্রচলন রয়েছে এসব গ্রামে।
দক্ষিণ চট্টগ্রামের ৬০টি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালিত হচ্ছে। চাঁদপুরের অর্ধশত গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে, উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
দিনাজপুর সদর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরামপুর উপজেলার বেশ কিছু এলাকায়ও আজ ঈদ উদযাপিত হচ্ছে। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুরের ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ উদযাপন করছে ঈদুল ফিতর।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ, বাউফল, গলাচিপা ও কলাপাড়ার ৩০টি গ্রামের প্রায় ৫০ হাজার মুসলমান আজ পবিত্র ঈদ-উল ফিতর উদযাপন করছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের ১৭ টি গ্রামে সৌদি আরবের সাথে ঈদ উদযাপন করছেন কয়েক’শ পরিবার। এছাড়া ঈদ উদযাপন করছে লক্ষ্মীপুরের ১১টি গ্রামের মানুষ। মাওলানা ইসহাক (রাঃ) এর অনুসারী হিসেবে গত ৪১ বছর ধরে এই নিয়ম পালন করে আসছেন তারা।
বাংলা টিভি/রাসেল



