আম্পান: বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে কাঁঠালিয়ার ২০গ্রাম

ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষখালী নদীর পশ্চিম তীরের ৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এখনো তলিয়ে আছে উপজেলার ২০টি গ্রাম। পানিতে নিমজ্জিত রয়েছে ফসলের ক্ষেত ও মাছের ঘের।
কয়েকশ বসত ঘরে প্রবেশ করেছে পানি। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ভেঙে গেছে প্রায় ৩০টি বসতঘর। ফলে, আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা।
ঘূর্ণিঝড় আম্পানে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ ফুট পানি বৃদ্ধি পায়। এতে, বিষখালী নদী তীরের অরক্ষিত বেড়িবাঁধের ৫ কিলোমিটার ভেঙে ফসলি জমি ও বসত ঘরে পানি ঢুকে পড়ে। ঝড়ের রাতে লোকজন আশ্রয়কেন্দ্র আশ্রয় নিলেও, পানির তোড়ে ভেসে গেছে অনেকের বসতঘরে থাকা মালামাল।
পানিতে তলিয়ে আছে আমুয়া,আউরা জয়খালী, কাঁঠালিয়া সদর,বড় কাঁঠালিয়া, রঘুয়ার চর ও জাঙ্গালিয়া গ্রামের প্রায় দুইশ ঘরবাড়ি, তিনটি বাজারসহ, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও শত শত একর ফসলি জমি।
বেড়িবাঁধের ক্ষয়ক্ষতির বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ে জানানো হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেছেন, ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডকে প্রকল্প তৈরি করে আগামী বর্ষার আগে, ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। বিষখালী নদীর বেড়িবাঁধ ভাঙ্গন রোধে, কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন নদী পাড়ের বাসিন্দারা।



