
করোনা শনাক্তের পর আইসোলেশনে থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন। মঙ্গলবার সকালে তিনি বলেন, কোনো বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার জন্যে সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এখন পর্যন্ত আমি শারীরিকভাবে আলাদা কোনো সমস্যা বা জটিলতা অনুভব করছি না। ভালো আছি, সুস্থ আছি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের প্রধান বিজ্ঞানী-গবেষক ড. বিজন কুমার শীল নিজেই অ্যান্টিজেন কিট দিয়ে আমার পরীক্ষা করেছেন। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। প্রাথমিক অবস্থাতেই শনাক্ত হয়েছে।
তা না হলে আমাকে যদি পরীক্ষার জন্যে অন্য কোনো বা একাধিক হাসপাতালে যেতে হতো, তাহলে আমার থেকে আরও অনেকে সংক্রমিত হতেন। গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের সবচেয়ে বড় সুবিধা হলো, ৩ থেকে ৫ মিনিটে করোনা শনাক্ত করা যায়।
তিনি বলেন, আজ দুপুরে কিডনি ডায়ালাইসিসের জন্য আমাকে আবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে যেতে হবে। তখন অ্যান্টিবডি কিট দিয়ে পরীক্ষা করা হবে। ড. বিজন কুমার শীলই পরীক্ষাটি করবেন। যদিও দুই দিনে শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম। আগামীকাল আবারও পরীক্ষা করতে হবে। সূত্র: দ্যা ডেইলি স্টার অনলাইন



